AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঈদযাত্রায় কোথাও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৫:২৩ পিএম, ১৯ মার্চ, ২০২৬

ঈদযাত্রায় কোথাও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী

ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

বৃহস্পতিবার (১৯ মার্চ) রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, সরকার নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়টি নিয়ন্ত্রণে রাখতে নজরদারি জোরদার করা হয়েছে। এ লক্ষ্যে বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা বাড়ানো হয়েছে। তবে কিছু ক্ষেত্রে বাস টার্মিনাল ছাড়ার পর পথে যাত্রী তোলার সময় অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে বলে স্বীকার করেন তিনি।

সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে যত্রতত্র গড়ে ওঠা বাস কাউন্টারগুলো বন্ধ করার পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। তিনি বলেন, এসব অনিয়ন্ত্রিত কাউন্টার সড়কে বিশৃঙ্খলা তৈরি করছে এবং যাত্রী ভোগান্তি বাড়াচ্ছে।

ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে সরকার কঠোর অবস্থানে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সড়ক, সেতু ও নৌ পরিবহন সংশ্লিষ্ট দপ্তরগুলোর ছুটি বাতিল করা হয়েছে, যাতে মাঠপর্যায়ে সেবা কার্যক্রম সচল থাকে।

তিনি আরও বলেন, কোথাও অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং অভিযান অব্যাহত থাকবে।

পরিদর্শনকালে মন্ত্রী বাস টার্মিনালের বিভিন্ন কাউন্টার ঘুরে দেখেন এবং যাত্রীদের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতির খোঁজ নেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা ও পরিবহন খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 


একুশে সংবাদ/এ.জে

Link copied!