পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের অধিকাংশ তৈরি পোশাক কারখানায় শ্রমিকদের বোনাস পরিশোধ করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। সংগঠনটির তথ্য অনুযায়ী, মোট কারখানার ৯৭ দশমিক ৭৯ শতাংশ ইতোমধ্যে ঈদ বোনাস দিয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিজিএমইএ জানায়, ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলে বর্তমানে চালু রয়েছে মোট ২ হাজার ১২৭টি কারখানা। এর মধ্যে ঢাকায় ১ হাজার ৭৮৫টি এবং চট্টগ্রামে ৩৪২টি।
এর মধ্যে ২ হাজার ৮০টি কারখানা শ্রমিকদের ঈদ বোনাস পরিশোধ করেছে। ঢাকায় এ সংখ্যা ১ হাজার ৭৫৩টি এবং চট্টগ্রামে ৩২৭টি।
এছাড়া ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধ করেছে ২ হাজার ১০৪টি কারখানা, যা মোটের ৯৮ দশমিক ৯২ শতাংশ। এর মধ্যে ঢাকার ১ হাজার ৭৬৭টি এবং চট্টগ্রামের ৩৩৭টি কারখানা রয়েছে।
অন্যদিকে মার্চ মাসের অগ্রিম বেতন দেওয়ার পরিকল্পনা করেছে ৮৭০টি কারখানা, যা মোট কারখানার ৪০ দশমিক ৯০ শতাংশ। এর মধ্যে ঢাকায় ৮৪০টি এবং চট্টগ্রামে ৩০টি কারখানা রয়েছে।
ঈদকে সামনে রেখে শ্রমিকদের আর্থিক সুবিধা নিশ্চিত করতে অধিকাংশ কারখানা ইতোমধ্যে বেতন ও বোনাস পরিশোধ করায় শিল্পাঞ্চলে স্বস্তি ফিরেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

