দীর্ঘ ২৮ বছর পর ফিফা বিশ্বকাপে ফিরে দুর্দান্ত সূচনা করেছে নরওয়ে। গ্রুপ ‘আই’-এর ম্যাচে ইরাককে ৪-১ গোলে হারিয়ে আসরে নিজেদের প্রথম ম্যাচেই বড় জয় তুলে নিয়েছে উত্তর ইউরোপের দলটি। ম্যাচে জোড়া গোল করেছেন তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড।
বুধবার (১৭ জুন) নিউইয়র্ক–নিউজার্সি স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে নরওয়ে। ম্যাচের ২৯তম মিনিটে ডেভিড মোলারের ক্রস থেকে বল জালে জড়িয়ে বিশ্বকাপে নিজের প্রথম গোলের দেখা পান হালান্ড।
তবে ১০ মিনিট পরই সমতায় ফেরে ইরাক। ৩৯তম মিনিটে আমির আল আম্মারির বাড়ানো বলে হেড থেকে গোল করেন স্ট্রাইকার আইমেন হুসেইন।
সমতা বেশিক্ষণ স্থায়ী হয়নি। প্রথমার্ধের ৪৩তম মিনিটে ইরাকের গোলরক্ষক জালাল হাসানের ভুলের সুযোগ কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় গোল করেন হালান্ড। তার গোলে ২-১ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় নরওয়ে।
দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে নরওয়ে। ৭৬তম মিনিটে লিও স্কিরি অস্টিগার্ড গোল করে ব্যবধান ৩-১ করেন।
ম্যাচের শেষ দিকে আইমেন হুসেইনের আত্মঘাতী গোলে নরওয়ের জয় আরও বড় হয়। শেষ পর্যন্ত ৪-১ গোলের দাপুটে জয় নিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে দলটি।
১৯৯৮ সালের পর এবারই প্রথম বিশ্বকাপের মূল পর্বে খেলছে নরওয়ে। শক্তিশালী পারফরম্যান্সে দলটি নিজেদের সম্ভাবনার জানান দিল।
গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী মঙ্গলবার (২৩ জুন) সেনেগালের মুখোমুখি হবে নরওয়ে। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে ভোর ৬টায়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

