জ্বালানি তেল সরবরাহ পরিস্থিতি ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে দেশের গুরুত্বপূর্ণ তেল ডিপোগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (৯ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, সাম্প্রতিক সময়ে কিছু ক্ষেত্রে ডিলারদের আকস্মিকভাবে চাহিদা বেড়ে যাওয়ায় বিভিন্ন ডিপো থেকে প্রয়োজনীয় পরিমাণ জ্বালানি তেল সরবরাহে চাপ তৈরি হয়েছে। এর ফলে কিছু স্থানে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
বিশেষ করে জ্বালানি তেল বিপণন কোম্পানিগুলোর চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গায় অবস্থিত প্রধান স্থাপনা এবং খুলনার দৌলতপুর, সিরাজগঞ্জের বাঘাবাড়ি, নারায়ণগঞ্জের গোদনাইল ও ফতুল্লা, দিনাজপুরের পার্বতীপুর এবং বরিশাল ডিপোকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
মন্ত্রণালয় জানায়, এসব ডিপো কেপিআই (কী পয়েন্ট ইনস্টলেশন) হিসেবে চিহ্নিত গুরুত্বপূর্ণ স্থাপনা। তাই জরুরি ভিত্তিতে এগুলোর নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন।
এ পরিস্থিতিতে উল্লিখিত স্থাপনাগুলোর সার্বিক নিরাপত্তা জোরদারে সেনাবাহিনী মোতায়েনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

