রাজধানীর যানজট নিয়ন্ত্রণ ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিক করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ক্যামেরা ও সিগন্যাল ব্যবস্থা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
পরীক্ষামূলক পর্যায়ে সফল ফল পাওয়ার পর প্রথম ধাপে ঢাকার ১২০টি গুরুত্বপূর্ণ মোড় ও ইন্টারসেকশনকে এআই প্রযুক্তির আওতায় আনার পরিকল্পনা করা হয়েছে। এই প্রকল্প বাস্তবায়নে ডিএমপির সঙ্গে সমন্বয় করবে ঢাকার দুই সিটি করপোরেশন।
সরকারি সূত্রে জানা গেছে, যানজট নিরসন ও প্রধান সড়কের ট্রাফিক নিয়ন্ত্রণ স্বয়ংক্রিয় করতে ধাপে ধাপে এ আধুনিকায়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এতে যান চলাচল পর্যবেক্ষণ ও সিগন্যাল ব্যবস্থাপনা আরও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রকল্প বাস্তবায়নে অতিরিক্ত কোনো বিশেষ বরাদ্দ বা নতুন তহবিলের প্রয়োজন হবে না। পুলিশের নিজস্ব অর্থায়ন ও বিদ্যমান ব্যবস্থার মধ্যেই এ উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
এর আগে গত বছরের ১ সেপ্টেম্বর রাজধানীর জাহাঙ্গীর গেট, ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামোটর, বিজয় সরণি, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে পরীক্ষামূলকভাবে আধুনিক ট্রাফিক সিগন্যাল চালু করা হয়।
দেশীয় প্রযুক্তিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এসব সিগন্যাল বাতি তৈরি করে, যা স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হওয়ার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী ম্যানুয়ালি নিয়ন্ত্রণ করা যায়।
এ ছাড়া চলতি বছরের ৭ মে থেকে কিছু ট্রাফিক পয়েন্টে এআইভিত্তিক ক্যামেরার ব্যবহার শুরু করে ডিএমপি। এসব ক্যামেরায় সড়ক পরিবহন আইন, ২০১৮ লঙ্ঘন শনাক্ত করার প্রযুক্তি সংযোজন করা হয়েছে।
পুলিশ ও বিশেষজ্ঞদের মতে, এআই প্রযুক্তি চালু হলে ট্রাফিক আইন বাস্তবায়ন, শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং যানজট ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য উন্নতি আসতে পারে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

