সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের বহুল প্রতীক্ষিত দ্বিপাক্ষিক বৈঠক শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে। শুক্রবার (১৯ জুন) বুর্গেনস্টক রিসোর্টে আলোচনাটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা বাতিলের বিষয়টি নিশ্চিত করেছে সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের সুইজারল্যান্ড সফরও বাতিল করা হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী তাঁর ইরানি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বসার কথা ছিল।
মূলত সাম্প্রতিক সময়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা প্রশমনে যে সমঝোতা হয়েছে, তার বাস্তবায়ন রোডম্যাপ নিয়েই এই বৈঠক আয়োজন করা হয়েছিল। তবে শেষ মুহূর্তে প্রস্তুতি ও সূচি পুরোপুরি চূড়ান্ত না হওয়ায় সফর ও বৈঠক—উভয়ই আপাতত স্থগিত করা হয় বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সময়সূচি পরে ঘোষণা করা হবে।
এর আগে দুই দেশ একটি আলোচিত সমঝোতা স্মারক ডিজিটাল মাধ্যমে স্বাক্ষর করে। ওই চুক্তির আওতায় ইরান হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার প্রতিশ্রুতি দেয় এবং এর বিপরীতে যুক্তরাষ্ট্র কিছু নিষেধাজ্ঞা শিথিল করতে সম্মত হয় বলে দাবি করা হয়।
তবে এই সমঝোতার বাস্তবায়ন প্রক্রিয়ার প্রথম ধাপের বৈঠক স্থগিত হওয়ায় চুক্তির ভবিষ্যৎ ও এর কার্যকারিতা নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

