দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন এবং কমিশনের দুই সদস্য মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ পদত্যাগ করেছেন।
মঙ্গলবার (৩ মার্চ) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী তার পদত্যাগপত্র জমা দেন। পরে সাংবাদিকদের তিনি বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন। কোনো ধরনের চাপ বা বাধ্যবাধকতা ছাড়াই নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, নতুন কমিশন গঠিত হবে এবং নতুন পর্ষদের জন্য তিনি শুভকামনা জানিয়েছেন।
এদিকে, দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন সাংবাদিকদের বলেন, তিনি এখনও আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেননি, তবে শিগগিরই পদত্যাগ করবেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ১০ ডিসেম্বর ড. মোহাম্মদ আবদুল মোমেনকে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। একই সঙ্গে কমিশনার হিসেবে নিয়োগ পান মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ।
নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপনে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ অনুযায়ী চেয়ারম্যান ও কমিশনারদের দায়িত্ব ও পদমর্যাদা নির্ধারণ করা হয়। এতে বলা হয়, চেয়ারম্যানের বেতন-ভাতা ও মর্যাদা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারকের সমান এবং কমিশনারদের বেতন-ভাতা ও পদমর্যাদা হাইকোর্ট বিভাগের বিচারকের সমপর্যায়ের হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

