‘বহুমাত্রিক বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে মাসব্যাপী অমর একুশে বইমেলা ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টার পর রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি বইমেলার উদ্বোধন করেন। ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানজুড়ে শুরু হয় এ সাহিত্য ও সাংস্কৃতিক আয়োজন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫-এর বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। স্বাগত বক্তব্য দেন একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম। এছাড়া শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি মো. রেজাউল করিম বাদশা ও সংস্কৃতি সচিব মো. মফিদুর রহমান।
আগামী ১৫ মার্চ পর্যন্ত চলবে এবারের বইমেলা। প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত এবং সাপ্তাহিক ছুটির দিনে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। রাত সাড়ে ৮টার পর নতুন করে প্রবেশের সুযোগ থাকবে না।
এবারের মেলায় অংশগ্রহণ করছে ৫৪৯টি প্রকাশনা প্রতিষ্ঠান। বাংলা একাডেমি প্রাঙ্গণে ৮১টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৬৮টি প্রতিষ্ঠানের জন্য মোট ১ হাজার ১৮টি ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি লিটল ম্যাগাজিন চত্বরে ৮৭টি লিটল ম্যাগাজিনের জন্য পৃথক স্টলের ব্যবস্থা রাখা হয়েছে।
পরিবেশ সুরক্ষার বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে আয়োজকরা জানিয়েছেন, এবারের অমর একুশে বইমেলা অনুষ্ঠিত হবে ‘জিরো ওয়েস্ট বইমেলা’ হিসেবে। মেলা প্রাঙ্গণ পলিথিন ও ধূমপানমুক্ত রাখার পাশাপাশি স্টল ও মঞ্চে পরিবেশবান্ধব ও পুনর্ব্যবহারযোগ্য উপকরণ ব্যবহারে সংশ্লিষ্টদের আহ্বান জানানো হয়েছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

