AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আজ শুরু ফুটবল বিশ্বকাপের মহাযজ্ঞ


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১০:৫১ এএম, ১১ জুন, ২০২৬

আজ শুরু ফুটবল বিশ্বকাপের মহাযজ্ঞ

ফুটবলপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ পর্দা উঠছে ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর। ইতিহাসে প্রথমবারের মতো ৪৮টি দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই টুর্নামেন্ট। একই সঙ্গে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা যৌথভাবে আয়োজন করছে বিশ্বকাপ।

বাংলাদেশ সময় রাত ১টায় মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেক্সিকো মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। ম্যাচ শুরুর আগে রাত ১১টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান।

এবারের বিশ্বকাপে মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। খেলা হবে তিন দেশের ১৬টি স্টেডিয়ামে। এর মধ্যে যুক্তরাষ্ট্রে ৭৮টি, মেক্সিকো ও কানাডায় ১৩টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের আসরের।

বিশ্বকাপের অন্যতম আকর্ষণ ঐতিহাসিক আজতেকা স্টেডিয়াম। ১৯৭০ সালে ব্রাজিল কিংবদন্তি পেলে এবং ১৯৮৬ সালে আর্জেন্টিনার দিয়েগো ম্যারাডোনা এই মাঠে বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিলেন। এবার তৃতীয়বারের মতো এই স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচ আয়োজন করা হচ্ছে, যা একটি নতুন রেকর্ড।

নতুন ফরম্যাটের কারণে এবার গ্রুপ পর্ব ও নকআউট পর্বে ম্যাচের সংখ্যা বেড়েছে। প্রথমবারের মতো রাউন্ড অব ৩২ অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি বদলি, সময়ক্ষেপণ এবং ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) ব্যবহারের নিয়মেও কয়েকটি পরিবর্তন এনেছে ফিফা।

বিশ্বকাপকে ঘিরে তারকাদের পারফরম্যান্স নিয়েও রয়েছে বাড়তি আগ্রহ। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসি, ব্রাজিলের নেইমার, পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো, ফ্রান্সের কিলিয়ান এমবাপে, ইংল্যান্ডের হ্যারি কেইন এবং স্পেনের তরুণ প্রতিভা লামিন ইয়ামালের দিকে থাকবে ফুটবলপ্রেমীদের বিশেষ নজর।

তবে টুর্নামেন্ট শুরুর আগেই ভিসা জটিলতা, টিকিটের মূল্য এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নানা আলোচনা তৈরি হয়েছে। কয়েকটি দেশের খেলোয়াড়, কর্মকর্তা ও সমর্থকদের যুক্তরাষ্ট্রে প্রবেশসংক্রান্ত সমস্যাও আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে।

সব বিতর্ক পেছনে ফেলে আজ থেকে শুরু হচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আসর। আগামী এক মাসের বেশি সময় ধরে বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমী মেতে থাকবেন বিশ্বকাপের উত্তেজনা ও রোমাঞ্চে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!