ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া সব প্রার্থীকে আগামী ১৫ মার্চের মধ্যে নির্বাচনি ব্যয়ের হিসাব জমা দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) ইসির সিনিয়র সহকারী সচিব এএসএম ইকবাল হাসান স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি দেশের সব রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৪৪(গ) ধারা অনুযায়ী নির্বাচিত প্রার্থীদের নামের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা সব প্রার্থীকে তাদের ব্যয়ের হিসাব রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করতে হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের নাম ও ঠিকানাসহ গেজেট ১৩ ফেব্রুয়ারি প্রকাশ করা হয়েছে।
এতে আরও বলা হয়, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ব্যয় বিবরণী দাখিল নিশ্চিত করতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জারিকৃত পরিপত্র-১৮ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি নির্ধারিত সময়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের রিটার্ন সংক্রান্ত তথ্য ২৫ মার্চের মধ্যে নির্বাচন কমিশনে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনের তথ্যমতে, গেজেট প্রকাশের ৩০ দিন পূর্ণ হবে আগামী ১৫ মার্চ। ওই দিনেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা সব প্রার্থীকে নির্বাচনি ব্যয়ের হিসাব জমা দিতে হবে। এবারের নির্বাচনে দুই হাজারের বেশি প্রার্থী অংশ নেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

