অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দীর্ঘ ১৭ বছর পর দেশে একটি উৎসবমুখর, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যা ভবিষ্যতের নির্বাচনের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। এই নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় তিনি দেশবাসীসহ ভোটার, রাজনৈতিক দল, প্রার্থী, নির্বাচন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও আইনশৃঙ্খলা বাহিনীকে অভিনন্দন জানান।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৯টা ১৫ মিনিটে জাতির উদ্দেশে দেওয়া বিদায়ী ভাষণে এসব কথা বলেন তিনি।
ড. ইউনূস বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের মুহূর্তে এসে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে তিনি বিদায় নিচ্ছেন। গত ১৮ মাস তার ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের চেষ্টা করেছেন বলেও উল্লেখ করেন তিনি।
ভাষণে তিনি ৫ আগস্টের গণঅভ্যুত্থানের কথা স্মরণ করে বলেন, ওই দিনটি ছিল দেশের জন্য মুক্তির দিন। ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে দেশ একটি কঠিন সময় অতিক্রম করে নতুন পথে যাত্রা শুরু করে। তবে সে সময় রাষ্ট্রীয় ব্যবস্থাপনা প্রায় অচল হয়ে পড়েছিল, যা সচল করাই ছিল অন্তর্বর্তী সরকারের প্রধান চ্যালেঞ্জ।
প্রধান উপদেষ্টা জানান, অভ্যুত্থানের পর ছাত্রনেতাদের উদ্যোগেই একটি অন্তর্বর্তী সরকার গঠনের প্রয়োজন দেখা দেয়। সে সময় বিদেশে অবস্থান করলেও জাতির প্রতি দায়িত্বের কথা বিবেচনা করে তিনি এই দায়িত্ব গ্রহণে সম্মত হন।
ড. ইউনূস বলেন, “আজ ১৮ মাস পর সেই দায়িত্ব শেষ করে বিদায়ের সময় এসেছে।” নতুন নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব হস্তান্তরের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের অধ্যায় শেষ হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

