বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উন্মুক্ত মঞ্চে নিজ নিজ দলের নির্বাচনী ইশতেহার নিয়ে আলোচনার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।
পোস্টে ডা. শফিকুর রহমান লিখেছেন, “প্রিয় তারেক রহমান, সুশাসন নিশ্চিত হতে পারে কেবল একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। ন্যায্যতা ছাড়া কোনো নির্বাচনের ফল জনগণের আস্থা অর্জন করতে পারে না।”
তিনি বলেন, জুলাই বিপ্লবের পর দেশের রাজনীতি যে শালীন, সহনশীল ও সংঘাতহীন হতে পারে—তা তরুণ প্রজন্মের কাছে প্রমাণ করার দায়িত্ব রাজনৈতিক নেতৃত্বের ওপর বর্তায়।
জামায়াত আমির আরও লেখেন, “আসুন, আমরা গণমাধ্যম ও জনসম্মুখে দাঁড়িয়ে এমন এক ভবিষ্যৎ শাসনব্যবস্থার মানদণ্ড স্থাপন করি, যা হবে সমালোচনার জন্য উন্মুক্ত, জবাবদিহিমূলক ও স্বচ্ছ।”
তারেক রহমানের সদ্য ঘোষিত নির্বাচনী ইশতেহারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, যেহেতু বিএনপি তাদের পরিকল্পনা জাতির সামনে তুলে ধরেছে, সেহেতু তিনি একটি উন্মুক্ত মঞ্চে সরাসরি আলোচনায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানাচ্ছেন। সেখানে উভয় পক্ষ নিজ নিজ ইশতেহার উপস্থাপন করবেন এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জনগণ।
পোস্টের শেষাংশে ডা. শফিকুর রহমান বলেন, “আসুন বাংলাদেশের জন্য একটি নতুন অধ্যায় শুরু করি—যেখানে আমরা সবাই জনগণের ইচ্ছার প্রতি শ্রদ্ধাশীল থাকতে অঙ্গীকারবদ্ধ থাকব।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

