মার্কিন যুক্তরাষ্ট্রের অনভিবাসী ভিসার জন্য আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইল ‘পাবলিক’ বা উন্মুক্ত রাখার নির্দেশনা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
শুক্রবার (৫ জুন) দূতাবাসের এক বার্তায় জানানো হয়, নির্দিষ্ট কয়েকটি অনভিবাসী ভিসা ক্যাটাগরির আবেদনকারীদের ক্ষেত্রে এ নির্দেশনা কার্যকর হবে।
দূতাবাসের তথ্য অনুযায়ী, গত ৩০ মার্চ থেকে এ-৩, সি-৩ (গৃহকর্মী ক্ষেত্রে), জি-৫, এইচ-৩ এবং এর নির্ভরশীল এইচ-৪, পাশাপাশি কে-১, কে-২, কে-৩, কিউ, আর-১, আর-২, এস, টি ও ইউ ভিসার আবেদনকারীদের তাদের ব্যবহৃত সব সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টের প্রাইভেসি সেটিংস ‘পাবলিক’ রাখতে হবে।
বার্তায় বলা হয়েছে, আবেদনকারীদের পরিচয় যাচাই এবং যুক্তরাষ্ট্রে প্রবেশের যোগ্যতা মূল্যায়নের প্রক্রিয়াকে আরও কার্যকর ও সহজ করার উদ্দেশ্যে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
মার্কিন দূতাবাস আরও জানিয়েছে, ভিসা আবেদন সংক্রান্ত তথ্য যাচাইয়ের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য পর্যালোচনা করা হতে পারে। তাই সংশ্লিষ্ট ভিসা আবেদনকারীদের নির্ধারিত নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

