রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঘোষিত দলটির নির্বাচনি ইশতেহারে এ অঙ্গীকারের কথা তুলে ধরা হয়।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে আয়োজিত ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে জামায়াত তাদের পররাষ্ট্রনীতির রূপরেখা প্রকাশ করে। এতে বলা হয়, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি এবং বিদেশে বাংলাদেশি নাগরিকদের সম্মান সুসংহত করাই হবে তাদের পররাষ্ট্রনীতির অন্যতম লক্ষ্য। একই সঙ্গে বাংলাদেশি পাসপোর্টের গ্রহণযোগ্যতা ও মর্যাদা বাড়াতে কার্যকর উদ্যোগ নেওয়ার কথাও জানানো হয়।
ইশতেহারে উল্লেখ করা হয়, জামায়াত ক্ষমতায় গেলে প্রতিবেশী ও নিকটবর্তী দেশগুলোর সঙ্গে পারস্পরিক সম্মান, ন্যায্যতা এবং সার্বভৌম স্বার্থের ভিত্তিতে সম্পর্ক জোরদার করা হবে। এ তালিকায় ভারত ছাড়াও ভুটান, নেপাল, মিয়ানমার, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও থাইল্যান্ডের নাম উল্লেখ করা হয়েছে। এসব দেশের সঙ্গে শান্তি, বন্ধুত্ব ও সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হবে বলে জানায় দলটি।
এছাড়া মুসলিম বিশ্বের দেশগুলোর সঙ্গে সম্পর্ককে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, জাপান ও কানাডাসহ উন্নত দেশগুলোর সঙ্গে গঠনমূলক ও ভারসাম্যপূর্ণ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার অঙ্গীকার করা হয়েছে।
ইশতেহারে আরও বলা হয়, ক্ষমতায় গেলে পূর্ব ইউরোপ, আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার দেশগুলোর সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণে সক্রিয় উদ্যোগ নেওয়া হবে।
সামগ্রিকভাবে, জামায়াতের ঘোষিত পররাষ্ট্রনীতিতে আঞ্চলিক সহযোগিতা, বৈশ্বিক সম্পৃক্ততা এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করার বিষয়টি গুরুত্ব পেয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

