AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নির্বাচনী দায়িত্বে গাফিলতি হলে শাস্তি, পরিপত্র জারি


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৯:০৩ পিএম, ১৭ জানুয়ারি, ২০২৬

নির্বাচনী দায়িত্বে গাফিলতি হলে শাস্তি, পরিপত্র জারি

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে কঠোর অবস্থান নিয়েছে সরকার। নির্বাচনী দায়িত্ব পালনে কোনো ধরনের অনীহা, অসহযোগিতা বা শৈথিল্য দেখালে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে আইনগত ও শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হবে।

সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সব মন্ত্রণালয়ের সচিবদের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, ‘নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন, ১৯৯১’ অনুযায়ী দায়িত্ব পালনে ব্যর্থদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এরই অংশ হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ তাদের অধীনস্থ সব দফতর ও শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্দেশনা কঠোরভাবে অনুসরণের নির্দেশ দিয়েছে।

আইনের কঠোর প্রয়োগের নির্দেশ

মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের সই করা পরিপত্রে উল্লেখ করা হয়েছে, নির্বাচনের জন্য ইতোমধ্যে ৬৯ জন রিটার্নিং কর্মকর্তা ও ৪৯৯ জন সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি বিপুলসংখ্যক শিক্ষক ও সরকারি, আধা-সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।

পরিপত্রে বলা হয়, নিয়োগপত্র পাওয়ার সঙ্গে সঙ্গে বা নির্বাচনী কাজে যুক্ত হলেই সংশ্লিষ্ট ব্যক্তি নির্বাচন কর্মকর্তা হিসেবে বিবেচিত হবেন এবং সরাসরি নির্বাচন কমিশনের কাছে দায়বদ্ধ থাকবেন। দায়িত্ব পালনে অনীহা, অসহযোগিতা, শৈথিল্য কিংবা ভুল বা বিভ্রান্তিকর তথ্য প্রদানকে ‘অসদাচরণ’ হিসেবে গণ্য করা হবে।

আইনের ৪ ও ৫ ধারার আওতায় এমন অসদাচরণের জন্য দোষী প্রমাণিত হলে সরকার বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবে বলেও পরিপত্রে উল্লেখ করা হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানে বাড়তি সতর্কতা

নির্বাচনী কাজে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকার বিষয়টি বিবেচনায় নিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করেছে। মাউশির সহকারী পরিচালক (প্রশাসন-১) মো. খালিদ হোসেন জানান, শিক্ষা মন্ত্রণালয় থেকে পাওয়া নির্দেশনা ইতোমধ্যে সব অঞ্চল, জেলা ও উপজেলা শিক্ষা অফিস এবং শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের কাছে পাঠানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি), মাউশি, নায়েম, ব্যানবেইস, এনটিআরসিএ ও এনসিটিবিসহ শিক্ষা সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্বাচনী দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

সততা ও নিরপেক্ষতার আহ্বান

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, নির্বাচন কমিশন আসন্ন নির্বাচন ও গণভোটকে প্রশ্নাতীত করতে চায়। এ লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত সব কর্মকর্তা-কর্মচারীকে সততা, নিষ্ঠা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে স্পষ্ট করে বলা হয়েছে, জাতীয় এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে কোনো ধরনের গাফিলতি বা শৈথিল্য সহ্য করা হবে না।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!