ইউরোপজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহের প্রভাবে স্পেনে মাত্র চার দিনে ২১২ জনের মৃত্যু হয়েছে। দেশটির সরকারি পর্যবেক্ষণ সংস্থার তথ্য অনুযায়ী, গত রোববার থেকে বুধবার পর্যন্ত এ প্রাণহানির ঘটনা ঘটে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, স্পেনের সরকারি মৃত্যু পর্যবেক্ষণ ব্যবস্থা ‘মোমো’ দৈনিক মৃত্যুর তথ্য বিশ্লেষণ করে অতীতের স্বাভাবিক মৃত্যুহারের সঙ্গে তুলনা করে থাকে। পাশাপাশি আবহাওয়া পরিস্থিতিসহ বিভিন্ন বাহ্যিক কারণও মূল্যায়ন করা হয়। এ ক্ষেত্রে দেশটির জাতীয় আবহাওয়া সংস্থা এইমেটের তথ্যও ব্যবহার করা হয়।
মোমোর পরিসংখ্যান অনুযায়ী, চলমান তাপদাহের কারণে প্রাণহানির সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২৫ সালের জুন মাসের একই চার দিনে গরমজনিত কারণে ৯৮ জনের মৃত্যু হয়েছিল, যা এবারের সংখ্যার তুলনায় অনেক কম।
সংস্থাটি আরও জানিয়েছে, গত বছরের ১৬ মে থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত গরমজনিত কারণে স্পেনে মোট ৩ হাজার ৮৩২ জনের মৃত্যু হয়েছিল। যা ২০২৪ সালের একই সময়ের তুলনায় প্রায় ৮৮ শতাংশ বেশি।
চলতি সপ্তাহে স্পেনের মূল ভূখণ্ডে জুন মাসের ইতিহাসে সর্বোচ্চ গড় দৈনিক তাপমাত্রার রেকর্ড হয়েছে। সোমবার গড় তাপমাত্রা ছিল ২৮ দশমিক ০৮ ডিগ্রি সেলসিয়াস এবং মঙ্গলবার তা বেড়ে দাঁড়ায় ২৮ দশমিক ১৭ ডিগ্রি সেলসিয়াসে।
এ ছাড়া রাতের তাপমাত্রাও অস্বাভাবিকভাবে বেশি ছিল। সোমবার গড় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২০ দশমিক ১৪ ডিগ্রি সেলসিয়াস এবং মঙ্গলবার ১৯ দশমিক ৮১ ডিগ্রি সেলসিয়াস। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের উষ্ণ রাত মানুষের স্বাভাবিক ঘুমে ব্যাঘাত ঘটায় এবং স্বাস্থ্যঝুঁকি বাড়িয়ে তোলে।
তীব্র গরমের কারণে কান্তাব্রিয়া ও বাস্ক কান্ট্রিসহ উত্তর স্পেনের কয়েকটি অঞ্চলে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়। সাধারণত অপেক্ষাকৃত শীতল এসব এলাকায় এবার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি রেকর্ড করা হয়েছে।
তবে আবহাওয়া পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় বৃহস্পতিবারের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে জারি করা বেশিরভাগ সতর্কতা প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

