চলতি জুন মাসের প্রথম ২৪ দিনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ২৩১ কোটি ২০ লাখ মার্কিন ডলারে। এ সময়ে প্রতিদিন গড়ে প্রায় ৯ কোটি ৬৩ লাখ ডলার দেশে এসেছে।
বৃহস্পতিবার (২৫ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।
তিনি বলেন, গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের জুনে রেমিট্যান্স প্রবাহ কিছুটা বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালের জুনের প্রথম ২৪ দিনে দেশে এসেছিল ২২৮ কোটি ৫০ লাখ ডলার, যা এ বছরের একই সময়ের তুলনায় কম।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের পূর্ববর্তী হিসাবকাল ধরে গত বছরের জুলাই থেকে এ বছরের ২৪ জুন পর্যন্ত দেশে মোট ৩ হাজার ৫০৬ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। আগের বছরের তুলনায় এ প্রবৃদ্ধির হার ১৭ দশমিক ৭০ শতাংশ।
রেমিট্যান্স প্রবাহের ধারাবাহিকতা পর্যালোচনায় দেখা যায়, গত মে মাসে দেশে আসে ৩৪২ কোটি ৫০ লাখ ডলারের বেশি, যা একক মাস হিসেবে দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়। এর আগে মার্চ মাসে রেকর্ড ৩৭৫ কোটি ৫০ লাখ ডলারের বেশি রেমিট্যান্স এসেছিল, যা দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ।
এ ছাড়া এপ্রিলে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার, ফেব্রুয়ারিতে ৩০২ কোটি ৭ লাখ ডলার এবং জানুয়ারিতে ৩১৭ কোটি ৯ লাখ ডলারের বেশি রেমিট্যান্স দেশে আসে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২৪-২৫ অর্থবছরজুড়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশের ইতিহাসে কোনো একক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স আয়ের রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে।
অর্থনীতিবিদদের মতে, বৈধ চ্যানেলে অর্থ পাঠানোর প্রবণতা বৃদ্ধি এবং প্রবাসী আয়ের ধারাবাহিক প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

