ভারতের রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনকে কেন্দ্র করে আবারও উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যন্তর মন্তরের মূল সমাবেশস্থলে পরিস্থিতি শান্ত থাকলেও সংসদ মার্গ এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ পরিস্থিতিতে নিরাপত্তার স্বার্থে ওই এলাকায় সাময়িকভাবে ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়েছে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সংসদ মার্গে বিক্ষোভকারীদের সরিয়ে দিতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে বিক্ষোভকারীদের একটি অংশ পুলিশের দিকে ইটপাটকেল ছোড়ে এবং কয়েকজন পুলিশ সদস্যকে ধাওয়া করে।
দিল্লি পুলিশের তথ্য অনুযায়ী, সংঘর্ষে দুই সহকারী পুলিশ কমিশনার (এসিপি), একজন পরিদর্শক, একজন প্রধান কনস্টেবল এবং একজন কনস্টেবলসহ মোট পাঁচজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
পুলিশের দাবি, সংসদ মার্গের পার্ক হোটেল এলাকার কাছে কিছু বিক্ষোভকারীর উচ্ছৃঙ্খল আচরণের কারণে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে এক পুলিশ সদস্যকে ধাওয়া করে মারধরের ঘটনাও ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আন্দোলনের স্বেচ্ছাসেবকদের সহায়তা নেয় পুলিশ। তারা বিক্ষোভকারীদের শান্তিপূর্ণভাবে কর্মসূচি চালিয়ে যাওয়ার এবং ইটপাটকেল নিক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানান। স্বেচ্ছাসেবকদের ভাষ্য, সহিংসতা আন্দোলনের মূল উদ্দেশ্যকে ব্যাহত করতে পারে।
এ সময় পুলিশের একটি লাউডস্পিকারসংবলিত বাসে একজন স্বেচ্ছাসেবককে নিয়ে সংসদ মার্গ এলাকায় প্রচার চালানো হয়। তিনি মাইকে আন্দোলনকারীদের শান্ত থাকার এবং শান্তিপূর্ণভাবে বিক্ষোভ অব্যাহত রাখার আহ্বান জানান।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় বুধবার (২২ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ৬টা পর্যন্ত যন্তর মন্তর কেন্দ্রিক প্রায় দেড় কিলোমিটার এলাকায় মোবাইল ইন্টারনেট সেবা সাময়িকভাবে স্থগিত রাখতে টেলিযোগাযোগ প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

