পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের মাস্তুং ও সুরাব জেলায় পৃথক গোয়েন্দাভিত্তিক অভিযানে ১০ জন সশস্ত্র ব্যক্তিকে হত্যার দাবি করেছে দেশটির সেনাবাহিনী।
একই সঙ্গে দুই নারী আত্মঘাতী হামলাকারীকে আটক করার কথাও জানিয়েছে তারা।
বুধবার (২২ জুলাই) এক বিবৃতিতে পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর জানায়, গত ৪৮ ঘণ্টায় পরিচালিত দুটি পৃথক অভিযানে এসব ঘটনা ঘটে। এ তথ্য প্রকাশ করেছে জিও নিউজ।
আইএসপিআরের ভাষ্য অনুযায়ী, নিরাপত্তা বাহিনী বেলুচিস্তানের বিভিন্ন এলাকায় সশস্ত্র গোষ্ঠী ও তাদের সহযোগীদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালিয়ে যাচ্ছে।
বিবৃতিতে অভিযুক্ত গোষ্ঠীগুলোর মধ্যে ‘ফিতনা আল-হিন্দুস্তান’ ও ‘ফিতনা আল-খোয়ারিজ’-এর নাম উল্লেখ করে তাদের ভারত-সমর্থিত বলে দাবি করা হয়েছে।
সেনাবাহিনীর দাবি, সুরাব জেলায় অভিযানে সাতজন সশস্ত্র সদস্য নিহত হন। অন্যদিকে মাস্তুং জেলায় ‘ফিতনা আল-হিন্দুস্তান’-সংশ্লিষ্ট আরও তিনজনকে হত্যা করা হয়। এ ছাড়া ওই অভিযানে তাদের সহযোগী হিসেবে অভিযুক্ত দুই নারী আত্মঘাতী হামলাকারীকে আটক করা হয়েছে বলেও জানায় আইএসপিআর।
বিবৃতিতে আরও বলা হয়, অভিযান চলাকালে অস্ত্র, গোলাবারুদ এবং বেশ কিছু হাতে তৈরি বিস্ফোরক (আইইডি) উদ্ধার করা হয়েছে। তবে সেনাবাহিনীর এসব দাবির বিষয়ে স্বাধীনভাবে তাৎক্ষণিক যাচাই করা সম্ভব হয়নি।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ‘ওই এলাকায় অন্য সন্ত্রাসীকে নির্মূল করার জন্য পরিচ্ছন্নতা অভিযান চালানো হচ্ছে। দেশ থেকে বিদেশি মদদপুষ্ট ও সমর্থিত সন্ত্রাসবাদের হুমকি নির্মূল করার লক্ষ্যে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোর ‘আজম-এ-ইস্তেহকাম’ ভিশনের অধীনে নিরলস সন্ত্রাসবিরোধী অভিযান পূর্ণ গতিতে চলতে থাকবে।’
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

