চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে কুমিল্লা থেকে আনা ১৬ কেজি গাঁজাসহ একই পরিবারের পাঁচজনকে আটক করা হয়েছে। অভিযানের সময় আটক এক নারীর সঙ্গে থাকা প্রায় ছয় মাস বয়সী একটি শিশুও ছিল।
মঙ্গলবার (২১ জুলাই) গভীর রাতে সদর উপজেলার হরিপুর বাজার এলাকার একটি ফিলিং স্টেশনের সামনে ঢাকা থেকে আসা একটি শীতাতপনিয়ন্ত্রিত (এসি) বাসে তল্লাশি চালিয়ে তিনটি ব্যাগে থাকা আটটি পোটলা থেকে মোট ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— মো. সুইট (২৪), তাঁর স্ত্রী মমেনা খাতুন (২৪), শ্বশুর মতিউর রহমান (৪০) এবং আরও দুই সহযোগী।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, তারা কুমিল্লা থেকে গাঁজা সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জে এনে স্থানীয় মাদক কারবারিদের কাছে বিক্রি করতেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

