সৌদি আরবকে নিজস্ব ভূখণ্ডে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিয়ে একটি পারমাণবিক সহযোগিতা চুক্তির খসড়া প্রস্তুত করা হয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত অনুমোদন না পাওয়ায় চুক্তিটি এখনো কার্যকর হয়নি।
জানা গেছে, ২০১৫ সালের অক্টোবরেই চুক্তির আলোচনার কাজ শেষ হয়েছিল। কিন্তু ইরানকে ঘিরে চলমান উত্তেজনা ও সংঘাতের প্রেক্ষাপটে ট্রাম্প চূড়ান্ত অনুমোদন দিতে বিলম্ব করছেন।
পাশাপাশি, মার্কিন কংগ্রেসে ডেমোক্র্যাট ও রিপাবলিকান-উভয় দলের সম্ভাব্য আপত্তিও এ সিদ্ধান্তে প্রভাব ফেলছে বলে ধারণা করা হচ্ছে।
ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পারমাণবিক জ্বালানি উৎপাদনের পাশাপাশি উচ্চমাত্রায় সমৃদ্ধ করা হলে পারমাণবিক অস্ত্র তৈরিতেও ব্যবহার করা যেতে পারে। এ কারণে অনেক দেশ বেসামরিক পারমাণবিক কর্মসূচির জন্য সমৃদ্ধ ইউরেনিয়াম আমদানি করে থাকে।
বিশেষজ্ঞদের মতে, কঠোর নিয়ন্ত্রণ ও কার্যকর তদারকি না থাকলে এই চুক্তি ভবিষ্যতে সৌদি আরবের পারমাণবিক অস্ত্র সক্ষমতা অর্জনের ঝুঁকি বাড়াতে পারে। এর আগে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেছিলেন, ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরি করে, তাহলে সৌদি আরবও একই পথে হাঁটবে।
সবচেয়ে বেশি উদ্বেগের বিষয় হলো, খসড়া চুক্তিতে জাতিসংঘের আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ)-এর কঠোর তদারকি ও পরিদর্শনসংক্রান্ত বিধান অন্তর্ভুক্ত করা হয়নি।
ফলে সংস্থাটি প্রয়োজন মনে করলেই সৌদি আরবের সন্দেহভাজন পারমাণবিক স্থাপনা পরিদর্শনের অধিকার পাবে না। এর পরিবর্তে পুরো বিষয়টি যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যকার দ্বিপাক্ষিক চুক্তির আওতায় পরিচালিত হবে।
২০০৯ সালে সংযুক্ত আরব আমিরাত এমন প্রযুক্তির লোভ ত্যাগ করে কঠোর আন্তর্জাতিক নিয়ম মেনে চুক্তি করেছিল, যা পারমাণবিক সুরক্ষার আদর্শ নিয়ম বা ‘গোল্ড স্ট্যান্ডার্ড’ হিসেবে পরিচিত।
অনেক বিশেষজ্ঞ মনে করছেন, সৌদির মাটিতে এই প্রযুক্তি দেওয়া বিপজ্জনক, কারণ তারা যেকোনো সময় এই কেন্দ্র নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিতে পারে। অন্যদিকে, চুক্তির পক্ষে থাকা ব্যক্তিদের যুক্তি হলো, এর মাধ্যমে আমেরিকার পরমাণু ব্যবসার বড় লাভ হবে।
এছাড়া যুক্তরাষ্ট্র চুক্তি না করলে সৌদি আরব হয়তো রাশিয়া বা চীনের কাছ থেকে আরও সহজে এই প্রযুক্তি পেয়ে যাবে। তবে বিরোধীদের মতে, যুক্তরাষ্ট্র যদি এভাবে নিয়ম শিথিল করে চুক্তি করে, তবে বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্র ছড়ানো রোধ করা কঠিন হয়ে পড়বে। সূত্র: সিএনএন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

