যুক্তরাষ্ট্র ইরানের নির্ধারিত শর্ত বাস্তবায়ন না করা পর্যন্ত হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করা হবে না বলে জানিয়েছে তেহরান। বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোরে দেশটির সেনাবাহিনীর এক মুখপাত্র এ অবস্থানের কথা তুলে ধরেন।
ইরানের সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আক্রমি-নিয়া বলেন, হরমুজ প্রণালির ওপর ইরানের পূর্ণ নিয়ন্ত্রণ নিশ্চিত হওয়ার পরই সেখানে স্বাভাবিক নৌ চলাচল পুনরায় শুরু করা হবে।
তার বক্তব্য অনুযায়ী, প্রণালি খুলে দেওয়ার আগে যুক্তরাষ্ট্রকে গত মাসে স্বাক্ষরিত শান্তি কাঠামো চুক্তির শর্তগুলো বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে সব ধরনের বৈরী পদক্ষেপ বন্ধ এবং হরমুজ প্রণালি পরিচালনার ক্ষেত্রে তেহরানের নির্ধারিত নীতিমালা মেনে নেওয়ারও আহ্বান জানান তিনি।
মোহাম্মদ আক্রমি-নিয়া আরও বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক চাপ বা হামলার কারণে ইরান তার অবস্থান থেকে সরে আসবে না এবং এ ধরনের অভিযান হরমুজ প্রণালি খুলে দিতে তেহরানকে বাধ্য করতে পারবে না।
এ ঘোষণার আগে ইরানের বিভিন্ন অঞ্চলে নতুন করে বিস্ফোরণের খবর প্রকাশিত হয়। একই সময়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, তারা ইরানের বিরুদ্ধে আরও একটি সামরিক অভিযান পরিচালনা করেছে।
সেন্টকমের দাবি, হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজগুলোর নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত ইরানের সামরিক সক্ষমতার সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলোকে লক্ষ্য করেই ওই হামলা চালানো হয়েছে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি ও বাণিজ্যিক নৌপথ হরমুজ প্রণালিকে ঘিরে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে ইরান।
এর আগে পাকিস্তানের মধ্যস্থতায় দীর্ঘমেয়াদি সমাধানের লক্ষ্যে একটি কাঠামোগত শান্তি চুক্তিতে উভয় পক্ষ সম্মত হয়েছিল। তবে সাম্প্রতিক সংঘাত ও পাল্টাপাল্টি হামলার পর সেই সমঝোতা কার্যকর হবে কি না, তা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

