AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৬ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পরীক্ষা শেষে ঘুরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন বন্ধুর মৃত্যু


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,সিলেট
০৪:৩৩ পিএম, ৬ জুলাই, ২০২৬

পরীক্ষা শেষে ঘুরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন বন্ধুর মৃত্যু

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তিন স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তারা সবাই বন্ধু এবং জাফলং আমির মিয়া হাই স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

রোববার (৫ জুলাই) দুপুরে উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের রাধানগর–বাউরভাগ চা–বাগান সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত তিনজনের মধ্যে একজন ঘটনাস্থলেই এবং অপর দুজন রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

নিহতরা হলেন নয়াবস্তি গ্রামের মহরম মিয়ার ছেলে সাকিব আহমদ (১৬), ছৈলাখেল গ্রামের হাবিবুর রহমান (হবি) মিয়ার ছেলে রায়হান আহমেদ (১৬) এবং লাখেরপাড় গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে জয় (১৬)।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, চলমান অষ্টম শ্রেণির পরীক্ষা শেষে তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে জাফলং চা–বাগান এলাকায় ঘুরতে যান। পরে রাধানগর বাজারের দিকে যাওয়ার সময় দ্রুতগতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে।

দুর্ঘটনায় তিনজনই গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাকিব আহমদকে মৃত ঘোষণা করেন।

গুরুতর আহত রায়হান আহমেদ ও জয়কে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত ৮টার দিকে সিলেটের নূরজাহান হাসপাতালে রায়হান আহমেদের মৃত্যু হয়। এর প্রায় এক ঘণ্টা পর রাত ৯টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় জয়। এতে দুর্ঘটনায় নিহতের সংখ্যা তিনজনে দাঁড়ায়।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী বলেন, কিশোরদের বেপরোয়া মোটরসাইকেল চালানো রোধে অভিভাবকদের আরও দায়িত্বশীল হতে হবে। একই সঙ্গে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!