প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলে একটি নৌযান লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এতে অন্তত তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন সাউদার্ন কমান্ড (সাউথকম)।
শুক্রবার (২৯ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে সাউথকম জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সন্দেহভাজন একটি নৌযানকে ধাওয়া করা হয়। পরে অভিযান চলাকালে নৌযানটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়।
মার্কিন বাহিনীর দাবি, নৌযানটি অবৈধ মাদক পাচার কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। অভিযানে সাউথকমের কমান্ডারের নেতৃত্বে একটি যৌথ টাস্কফোর্স অংশ নেয়।
ঘটনার একটি ভিডিও ফুটেজও প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। তবে হামলাস্থল, নিহতদের পরিচয় কিংবা নৌযানটির জাতীয়তা সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
সাম্প্রতিক মাসগুলোতে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মাদকবিরোধী অভিযান জোরদার করেছে যুক্তরাষ্ট্র। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এসব অভিযানে ভেনেজুয়েলাসহ লাতিন আমেরিকার বিভিন্ন দেশের নৌযান নজরদারির আওতায় রয়েছে।
তবে এ ধরনের অভিযানের বৈধতা ও আঞ্চলিক নিরাপত্তার ওপর এর প্রভাব নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ও বিতর্ক অব্যাহত রয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

