দেশের বস্ত্রশিল্পের দীর্ঘদিনের সমস্যাগুলো দ্রুত সমাধানের লক্ষ্যে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২২ জুলাই) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল।
তিনি বলেন, বস্ত্র খাতের অনেক সমস্যা দীর্ঘদিনের এবং অতীতের সরকারগুলো সেগুলোর কার্যকর সমাধান করতে পারেনি। বর্তমান সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিলেও এসব সংকট কাটিয়ে উঠতে প্রায় দেড় বছর সময় লাগতে পারে। তবে এ সময়টুকু দিতে শিল্প উদ্যোক্তারা প্রস্তুত রয়েছেন বলেও জানান তিনি।
শওকত আজিজ রাসেল বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে গ্যাস ও বিদ্যুতের সংকটের পাশাপাশি খাতটির আর্থিক চ্যালেঞ্জ নিয়েও আলোচনা হয়েছে। সরকারের আন্তরিক সহযোগিতা অব্যাহত থাকলে দেশের বস্ত্রশিল্প আবারও ঘুরে দাঁড়াতে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি জানান, সরকার ইতোমধ্যে খাতটির জন্য ৫ শতাংশ প্রণোদনা দিচ্ছে। নবগঠিত উচ্চপর্যায়ের কমিটি আগামী সপ্তাহে আবার বৈঠকে বসে সমস্যা সমাধানে করণীয় নির্ধারণ করবে।
বিটিএমএ সভাপতির মতে, বর্তমানে বন্ধ ও আংশিকভাবে চালু থাকা কারখানাগুলো পুনরায় উৎপাদনে ফিরিয়ে আনা গেলে দ্রুত প্রায় ১৫ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে। তবে এ লক্ষ্য বাস্তবায়নে আন্তর্জাতিক বাজারে ডাম্পিং বা অস্বাভাবিক কম দামে পণ্য বিক্রির প্রবণতার বিষয়েও সরকারের বিশেষ নজর দেওয়া প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

