ইরানকে ঘিরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে সংযুক্ত আরব আমিরাত সফর করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বুধবার (১৩ মে) নেতানিয়াহুর কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তরের দাবি, সফরকালে তিনি আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠক করেন। নেতানিয়াহুর ভাষ্য অনুযায়ী, ওই বৈঠকে দুই পক্ষের মধ্যে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে।
তবে ইসরায়েলের এ দাবি প্রত্যাখ্যান করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এমন কোনো সফর অনুষ্ঠিত হয়নি এবং ইসরায়েলের সঙ্গে তাদের সম্পর্ক গোপন যোগাযোগের ভিত্তিতে পরিচালিত হয় না।
আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের সঙ্গে তাদের সম্পর্ক প্রকাশ্য কূটনৈতিক কাঠামোর মধ্যেই পরিচালিত হচ্ছে এবং তা আব্রাহাম চুক্তির আওতায় প্রতিষ্ঠিত।
এদিকে ইরান অভিযোগ করেছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আমিরাতের ঘনিষ্ঠ সম্পর্ক তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে। চলমান সংঘাতের সময় আমিরাতেও কয়েকটি হামলার ঘটনা ঘটেছে বলে দাবি তেহরানের।
উল্লেখ্য, ২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আব্রাহাম চুক্তির মাধ্যমে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে সংযুক্ত আরব আমিরাত। পরে একই উদ্যোগে বাহরাইন, মরক্কো ও সুদানও যুক্ত হয়।
এছাড়া চলতি বছরের ফেব্রুয়ারিতে সংঘাত শুরুর পর আমিরাতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘আয়রন ডোম’ মোতায়েন করে ইসরায়েল। এসব প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনার জন্য ইসরায়েলি সেনা সদস্যরাও দেশটিতে অবস্থান নিয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
সূত্র: বিবিসি
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

