সৌদি আরবে কর্মরত গৃহকর্মীদের আবাসিক অনুমতিপত্র (ইকামা) জারি ও নবায়নের ক্ষেত্রে নতুন সুবিধা চালু করা হয়েছে। এখন থেকে তিন মাস বা তার বেশি সময়ের জন্য ইকামা ইস্যু কিংবা নবায়ন করা যাবে। এর ফলে নিয়োগকর্তারা নিজেদের আর্থিক সক্ষমতা অনুযায়ী নির্ধারিত সময়ের জন্য ফি পরিশোধের সুযোগ পাবেন।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন জেনারেল ডিরেক্টরেট অব পাসপোর্টস (জাওয়াজাত) মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এবং জাতীয় নিয়োগ প্ল্যাটফর্ম ‘মুসানেদ’-এর সহযোগিতায় এই নতুন সেবা চালু করেছে।
স্থানীয় দৈনিক ওকাজ-এর তথ্য অনুযায়ী, নতুন ব্যবস্থায় নিয়োগকর্তারা গৃহকর্মী এবং একই শ্রেণির অন্যান্য কর্মীদের জন্য ৩, ৬, ৯, ১২, ১৫, ১৮, ২১ অথবা ২৪ মাসের যেকোনো মেয়াদের ইকামা নির্বাচন করতে পারবেন। এসব ইকামা ‘আবসের’ (Absher) প্ল্যাটফর্মের মাধ্যমে ইস্যু বা নবায়ন করা হবে।
নতুন নীতির ফলে একসঙ্গে এক বা দুই বছরের সম্পূর্ণ ফি পরিশোধের প্রয়োজন হবে না। নির্বাচিত মেয়াদের ভিত্তিতে কেবল সেই সময়ের জন্য নির্ধারিত ফি পরিশোধ করলেই ইকামা নেওয়া বা নবায়ন করা যাবে। তিন মাস বা তার গুণিতক মেয়াদের ইকামার ফি ত্রৈমাসিক ভিত্তিতে পরিশোধের সুযোগও রাখা হয়েছে।
এর আগে গৃহকর্মীদের ইকামা সাধারণত এক বা দুই বছরের জন্যই ইস্যু বা নবায়ন করা হতো।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, পরিবার ও গৃহকর্মীদের বাস্তব চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে নিয়োগকর্তাদের আরও বেশি নমনীয়তা দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সরকারি সেবাকে আরও কার্যকর ও ডিজিটালভিত্তিক করার অংশ হিসেবেও এই ব্যবস্থা চালু করা হয়েছে।
সূত্র: গালফ নিউজ
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

