যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনা দীর্ঘায়িত না করে এক মাসের মধ্যে স্থায়ী সমাধান চায় ইরান। এ লক্ষ্যে পাকিস্তানের মধ্যস্থতায় ওয়াশিংটনের কাছে ১৪ দফার একটি প্রস্তাব পাঠিয়েছে তেহরান।
ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা নূর নিউজ ও তাসনিম নিউজ এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, যুক্তরাষ্ট্রের দেওয়া ৯ দফা পরিকল্পনার জবাব হিসেবেই ইরান এই নতুন প্রস্তাব দিয়েছে। যেখানে মার্কিন পক্ষ দুই মাসের যুদ্ধবিরতির কথা বললেও ইরান সাময়িক বিরতির পরিবর্তে ৩০ দিনের মধ্যে আলোচনার মাধ্যমে স্থায়ী সমাধান চায়।
ইরানের প্রস্তাবে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে—যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার, হরমুজ প্রণালিসহ ইরানি জলসীমায় নৌ অবরোধ তুলে নেওয়া, অঞ্চলে অবস্থানরত মার্কিন সেনা প্রত্যাহার, লেবাননসহ বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলা বন্ধ এবং ভবিষ্যতে সামরিক আগ্রাসন না চালানোর নিশ্চয়তা। এছাড়া জব্দ করা ইরানি সম্পদ মুক্ত করার দাবিও জানানো হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবটি পাওয়ার কথা স্বীকার করলেও এর কার্যকারিতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, বিষয়টি পর্যালোচনা করা হবে, তবে গ্রহণযোগ্যতা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
এদিকে কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে রোববার (৩ মে) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে আলোচনা করেছেন। দীর্ঘদিন ধরে ওমান দুই দেশের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে।
বর্তমানে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও দুই পক্ষের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। ইরান জানিয়েছে, তারা স্থায়ী শান্তির পক্ষে, তবে প্রয়োজনে নিজেদের অবস্থান রক্ষায় কঠোর জবাব দিতেও প্রস্তুত।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

