মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ইরানের জ্বালানি স্থাপনায় সম্ভাব্য হামলা আরও ১০ দিন স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি জানান, ইরান সরকারের অনুরোধে হামলা ৬ এপ্রিল রাত ৮টা পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।
ট্রাম্প বলেন, ইরান প্রথমে সাত দিনের সময় চাইলেও তিনি অতিরিক্ত সময় দিয়ে ১০ দিনের স্থগিতাদেশ দিয়েছেন। তার ভাষায়, এ সিদ্ধান্তের জন্য ইরান ‘কৃতজ্ঞ’।
বিবিসির বরাতে জানা যায়, ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা ইতিবাচক অগ্রগতি পাচ্ছে। তিনি বলেন, ইরান তার কাছে আরও সময় চেয়েছিল এবং সেই প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া ট্রাম্প জানান, হরমুজ প্রণালি দিয়ে কিছু জাহাজ চলাচলের অনুমতি দেওয়াকে তিনি ‘উপহার’ হিসেবে দেখছেন। তার দাবি, ইতোমধ্যে ৮টি জাহাজ চলাচল করছে এবং আরও দুটি যুক্ত হবে।
এর আগে তিনি পাঁচ দিনের জন্য হামলা স্থগিতের ঘোষণা দিলেও পরে তা বাড়িয়ে ১০ দিন করেন।
এদিকে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, ইরানের কাছে ১৫ দফার একটি শান্তি প্রস্তাব পাঠানো হয়েছে।
বিশ্ববাজারে এর প্রভাবও পড়েছে। বৃহস্পতিবার তেলের দাম বাড়লেও ট্রাম্পের এই ঘোষণার পর তা কিছুটা কমে আসে।
পর্যবেক্ষকরা বলছেন, এই সাময়িক স্থগিতাদেশ কূটনৈতিক সমাধানের সুযোগ তৈরি করতে পারে, তবে পরিস্থিতি এখনও অত্যন্ত নাজুক রয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

