মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় ওই অঞ্চল থেকে নিজেদের নাগরিকদের দেশে ফিরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত ৪৩ হাজারের বেশি মার্কিন নাগরিক মধ্যপ্রাচ্য ছেড়ে যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন।
বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট জানান, নাগরিকদের প্রত্যাবাসনের জন্য গঠিত বিশেষ টাস্কফোর্সের মাধ্যমে প্রায় ৩০ হাজার মার্কিন নাগরিককে দেশে ফিরতে সরাসরি সহায়তা দেওয়া হয়েছে।
পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্য থেকে নাগরিকদের সরিয়ে নিতে যুক্তরাষ্ট্র দুই ডজনের বেশি চার্টার্ড ফ্লাইট পরিচালনা করেছে। তবে এসব ফ্লাইটে যাত্রী সংখ্যা তুলনামূলক কম ছিল, কারণ অনেকেই বাণিজ্যিক ফ্লাইট ব্যবহার করে দেশে ফিরতে আগ্রহ দেখিয়েছেন।
বর্তমানে চার্টার্ড ফ্লাইট ও স্থলপথ—উভয় মাধ্যমে নাগরিকদের সরিয়ে নেওয়ার কার্যক্রম অব্যাহত রয়েছে। যেসব মার্কিন নাগরিক এই সহায়তা নিতে চান, তারা আবেদন করতে পারবেন বলেও জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জেরে ইরান পাল্টা হামলা শুরু করলে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে ওঠে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

