ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মাদ নায়েইনি শিগগিরই নতুন প্রজন্মের কৌশলগত অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছেন।
শুক্রবার কাতারভিত্তিক আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, নায়েইনি ইরানকে দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত উল্লেখ করেন। তিনি বলেন, এখন পর্যন্ত চালানো হামলা ইরানের প্রকৃত সামরিক সক্ষমতার কেবল একটি ছোট অংশ এবং শত্রুপক্ষ আগামী প্রতিটি সামরিক অভিযানে কঠোর আঘাতের জন্য প্রস্তুত থাকতে হবে।
নায়েইনি আরও বলেন, নতুন উদ্যোগ ও অস্ত্র আসছে, যা এখনো বড় পরিসরে ব্যবহার করা হয়নি। তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গত বছরের ১২ দিনের যুদ্ধের তুলনায় ইরানকে অনেক বেশি প্রস্তুত বলে দাবি করেছেন। বর্তমান সংঘাতকে তিনি ‘পবিত্র ও বৈধ যুদ্ধ’ হিসেবে অভিহিত করেছেন।
একই সময়ে, ইরান ইসরায়েলের তেল আবিবে খাইবার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কথা জানায়, যা তাদের মতে উচ্চমাত্রার নিখুঁত লক্ষ্যভেদের সক্ষমতা প্রদর্শন করেছে।
সূত্র: আল-জাজিরা
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

