বাহরাইনের রাজধানী মানামায় অবস্থিত ইসরায়েলি দূতাবাস লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা শুক্রবার এক প্রতিবেদনে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সির বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়, মানামার ‘বাহরাইন ফিনান্সিয়াল হারবার টাওয়ারস’ নামের একটি বাণিজ্যিক কমপ্লেক্স লক্ষ্য করে হামলা চালানো হয়। ওই কমপ্লেক্সের একটি অংশে ইসরায়েলি দূতাবাস অবস্থিত। দূতাবাসের অবস্থানের কারণেই ভবনটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
অন্যদিকে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হামলার সময় ওই এলাকার আকাশে ইরানের একটি ড্রোন শনাক্ত করা হয়। পরে সেটি ভূপাতিত করা হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।
সূত্র: আল-জাজিরা, রয়টার্স।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

