কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ব্রিটিশ কলাম্বিয়ায় একটি হাইস্কুল ও এর নিকটবর্তী আবাসিক এলাকায় বন্দুকধারীর হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ৩০ জন।
স্থানীয় সময় মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১টা ২০ মিনিটে এই হামলার ঘটনা ঘটে। রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) জানিয়েছে, হামলাটি হয় ব্রিটিশ কলাম্বিয়ার টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে।
আরসিএমপির তথ্যমতে, হামলার পর ঘটনাস্থল থেকে ছয়জনকে নিহত অবস্থায় উদ্ধার করা হয়। আহতদের হাসপাতালে নেওয়ার পর আরও চারজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক, বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, হামলাকারীকেও ঘটনাস্থল থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি।
এছাড়া স্কুলটির নিকটবর্তী একটি বাড়ি থেকে আরও দু’জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, এই মৃত্যুগুলোও স্কুলে সংঘটিত হামলার সঙ্গে সম্পর্কিত। সম্ভাব্য আরও হতাহত আছে কি না, তা নিশ্চিত করতে আশপাশের ঘরবাড়ি ও আবাসিক এলাকায় তল্লাশি চালানো হয়।
হামলার পর টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুল ও সংলগ্ন এলাকায় জরুরি সতর্কতা জারি করা হয়। পরে স্থানীয় সময় বিকেল ৫টা ৪৫ মিনিটে সেই সতর্কতা প্রত্যাহার করা হয় বলে জানায় আরসিএমপি।
সপ্তম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী নিয়ে পরিচালিত টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে মোট শিক্ষার্থী সংখ্যা প্রায় ১৭৫ জন। হামলার ঘটনায় শোক প্রকাশ করে এবং শিক্ষার্থীদের মানসিক পুনরুদ্ধারের লক্ষ্যে এক সপ্তাহ স্কুল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।
হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনো কোনো তথ্য জানায়নি আইনশৃঙ্খলা বাহিনী। তদন্ত চলছে বলে জানিয়েছে আরসিএমপি।
সূত্র: সিবিসি, সিএনএন
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

