চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি কার্যকর করার পথে এগোলে কানাডার পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় শনিবার (২৪ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে উদ্দেশ্য করে এ হুমকি দেন ট্রাম্প। তিনি বলেন, কানাডার মাধ্যমে চীন যেন যুক্তরাষ্ট্রের বাজারে সস্তা পণ্য ঢুকিয়ে দিতে না পারে— সে বিষয়ে যুক্তরাষ্ট্র কঠোর অবস্থানে রয়েছে।
ট্রাম্প লেখেন, “কার্নি যদি মনে করে থাকেন কানাডাকে ব্যবহার করে চীন যুক্তরাষ্ট্রে সস্তা পণ্য প্রবেশ করাতে পারবে, তাহলে তিনি মারাত্মক ভুল করছেন।” তিনি আরও বলেন, “কানাডা যদি চীনের সঙ্গে কোনো বাণিজ্য চুক্তি করে, তাহলে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা কানাডার সব পণ্যের ওপর তাৎক্ষণিকভাবে ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।”
এ পোস্টে ট্রাম্প কানাডার প্রধানমন্ত্রীকে ‘প্রধানমন্ত্রী’ না বলে ‘গভর্নর কার্নি’ হিসেবে উল্লেখ করেন। দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর থেকেই তিনি একাধিকবার কানাডাকে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ৫১তম অঙ্গরাজ্য হিসেবে উল্লেখ করে মন্তব্য করে আসছেন।
এদিকে কানাডা-যুক্তরাষ্ট্র বাণিজ্য বিষয়ক মন্ত্রী ডোমিনিক লেব্লাঙ্ক শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় বলেন, চীনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করার বিষয়ে কানাডার কোনো তড়িঘড়ি পরিকল্পনা নেই। তিনি জানান, সাম্প্রতিক সময়ে চীনের সঙ্গে যে সমঝোতা হয়েছে, তা মূলত শুল্কসংক্রান্ত কিছু জটিলতা নিরসনের জন্য।
ডোমিনিক লেব্লাঙ্ক আরও বলেন, কানাডার নতুন সরকার দেশের অর্থনীতি আরও শক্তিশালী করতে কাজ করছে এবং দেশীয় ও আন্তর্জাতিক উভয় পর্যায়ে বাণিজ্যিক অংশীদারিত্ব জোরদার করাই তাদের মূল লক্ষ্য।
উল্লেখ্য, গত বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই ডোনাল্ড ট্রাম্প কানাডার পণ্যের ওপর শুল্ক আরোপের হুমকি দিয়ে আসছেন। পাশাপাশি কানাডাকে যুক্তরাষ্ট্রের অংশ করার আহ্বান জানিয়ে বিতর্কিত মন্তব্যও করেছেন তিনি।
সূত্র: আল জাজিরা
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

