ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) ও বজরং দলের বিপুলসংখ্যক কর্মী সেখানে জমায়েত হয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেন।
আয়োজকদের দাবি, বাংলাদেশে এক হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তি দীপু দাস নিহত হওয়ার ঘটনার প্রতিবাদ জানাতে এ বিক্ষোভের আয়োজন করা হয়। বিক্ষোভকারীরা গেরুয়া পতাকা, ব্যানার ও প্ল্যাকার্ড হাতে কূটনৈতিক এলাকার দিকে অগ্রসর হলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একপর্যায়ে বিক্ষোভকারীরা পুলিশের বসানো নিরাপত্তা ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। অন্তত দুই স্তরের ব্যারিকেড ভাঙা হয় বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্যরা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় পুলিশ সদস্যদের বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে বেগ পেতে দেখা যায়। বিক্ষোভ চলাকালে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কুশপুতুল দাহ করা হয়েছে বলেও বিভিন্ন সূত্রে জানা গেছে।
পরিস্থিতি সামাল দিতে পুলিশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে এলাকা থেকে সরিয়ে নেয়। পরে নতুন করে ব্যারিকেড স্থাপন করে বাংলাদেশ হাইকমিশনের চারপাশে নিরাপত্তা জোরদার করা হয়।
এর আগে সম্ভাব্য বিক্ষোভের আশঙ্কায় হাইকমিশনের সামনে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন রাখা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

