পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় নদীতে নৌকা বিস্ফোরণের ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। পণ্যবাহী ওই নৌকাটি ছিল কাঠের তৈরি এবং আগুন লেগে যাওয়ার পর বিস্ফোরণ হয়। আর এতেই প্রাণহানির ওই ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (৮ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার দেশটির উপকূলীয় প্রদেশ বেয়েলসায় একটি নদীতে কাঠের নৌকায় আগুন লেগে বিস্ফোরণের ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন বলে স্থানীয় পুলিশের মুখপাত্র জানিয়েছেন।
বায়েলসা পুলিশের মুখপাত্র মুসা মুহাম্মদ বলেন, নৌকাটিতে করে ব্যবসায়ীরা উপকূলীয় এলাকাগুলোতে পণ্য নিয়ে যাচ্ছিল।
গত বছর নাইজেরিয়ায় নৌকা দুর্ঘটনায় অন্তত ২০০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এসব দুর্ঘটনার জন্য নিয়মিতভাবে ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রীবহন এবং দুর্বল রক্ষণাবেক্ষণকে দায়ী করে থাকে কর্তৃপক্ষ।
এছাড়া ২০২২ সালের অক্টোবরে নাইজেরিয়ার দক্ষিণ-পূর্ব প্রদেশ আনামব্রায় নৌকা দুর্ঘটনায় কমপক্ষে ৭৬ জনের প্রাণহানি হয়েছিল।
একুশে সংবাদ/ এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

