বলিউড সুপারস্টার শাহরুখ খান ও গৌরী খানের মুম্বাইয়ের বাসভবন ‘মান্নাত’। তাদের এই দম্পতির ব্যক্তিগত জীবনের পাশাপাশি এই বাড়ি নিয়েও মানুষের আগ্রহের শেষ নেই। এবার এই বাড়িটির সংস্কার ও সম্প্রসারণ নিয়ে চলা আইনি বিতর্কে স্বস্তির খবর মিলেছে।
এনডিটিভি থেকে জানা যায়, মুম্বাইয়ের এক বাসিন্দা আদালতে দাবি করেছিলেন, মান্নাতের সম্প্রসারণ প্রকল্পের জন্য প্রয়োজনীয় পরিবেশগত অনুমোদন ও আইনগত প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হয়নি।
তার অভিযোগ ছিল, ৫ কোটির বেশি ব্যয়ের প্রকল্পের ক্ষেত্রে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অনুমোদন বাধ্যতামূলক হলেও সেটি নেয়া হয়নি। তবে শুনানির সময় আবেদনকারীর উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলে সুপ্রিম কোর্ট।
প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, কোনও ব্যক্তি যদি আইন মেনে নিজের ব্যক্তিগত বাসভবনে সংস্কার বা পরিবর্তন করতে চান, তাহলে তাতে বাধা দেয়ার কারণ নেই। একই সঙ্গে তিনি স্পষ্ট করে দেন, এই মামলায় আদালতের সিদ্ধান্ত কোনও ব্যক্তির জনপ্রিয়তা বা তারকা পরিচয়ের ভিত্তিতে নেয়া হয়নি।
আবেদনকারীর পক্ষ থেকে মামলাটি পুনরায় ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালে পাঠানোর অনুরোধ জানানো হলেও সুপ্রিম কোর্ট সেই আবেদনও গ্রহণ করেনি।
এর আগে, মান্নাতের সংস্কার ও সম্প্রসারণের জন্য দেওয়া পরিবেশগত এবং উপকূলীয় ছাড়পত্রকে বৈধ ঘোষণা করে আবেদন খারিজ করেছিল এনজিটিও। ট্রাইব্যুনাল জানিয়েছিল, প্রকল্পটি বিদ্যমান পরিবেশগত বিধিমালা অনুসরণ করেই অনুমোদন পেয়েছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

