বাগেরহাটের প্রথম শ্রেণিতে উন্নীত মোরেলগঞ্জ পৌরসভা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক গোলাম মো. বাতেন। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে তিনি পৌরসভার প্রশাসক হাবিবুল্লাহকে সঙ্গে নিয়ে পৌরসভার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।
এর আগে দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে সাংবাদিক, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন জেলা প্রশাসক। সভা শেষে মধ্যাহ্নভোজের পর তিনি মোরেলগঞ্জ পৌরসভা পরিদর্শন ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন।
পৌরসভা পরিদর্শন ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার, পৌর প্রকৌশলী হাবিবুল্লাহ, হিসাবরক্ষণ কর্মকর্তা নুর মোহাম্মদসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
পরিদর্শনকালে জেলা প্রশাসক পৌর ভবনের প্রশাসনিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। তিনি কর নির্ধারণ ও আদায় ব্যবস্থা, নাগরিক সেবা কেন্দ্র, ডিজিটাল নথি ব্যবস্থাপনা এবং পরিচ্ছন্নতা কার্যক্রম আধুনিকায়নের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এ সময় পৌর এলাকার চলমান সড়ক উন্নয়ন, নালা-নর্দমা সংস্কার, ওয়ার্ডভিত্তিক আলোকায়ন প্রকল্প এবং বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম নিয়েও আলোচনা করেন তিনি।
মতবিনিময় সভায় পৌরসভার প্রশাসক হাবিবুল্লাহ চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনার রূপরেখা তুলে ধরেন।
এর আগে উপজেলা প্রশাসনের আয়োজিত মতবিনিময় সভায় জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, “সরকারের প্রতিটি দপ্তরের নাগরিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা নিরলসভাবে কাজ করছি। উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও সময়ানুবর্তিতা বজায় রাখাই আমাদের অগ্রাধিকার।”
মতবিনিময় সভা শেষে তিনি উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি, সিনিয়র মৎস্য কর্মকর্তা রনজিৎ কুমার, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আরিফুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গৌতম কুমার বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান উল্লাহসহ স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, গণমাধ্যমকর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

