আবারও মিশরের ঐতিহাসিক গিজার পিরামিডে সুরের জাদু ছড়াতে আসছেন লাতিন পপ সম্রাজ্ঞী শাকিরা।
আগামী ২৮ নভেম্বর বিশ্ব ঐতিহ্যের অন্যতম এই অনিন্দ্যসুন্দর ভেন্যুতে মঞ্চ মাতাবেন তিনি। সর্বশেষ ২০০৭ সালে এই একই স্থানে পারফর্ম করেছিলেন এই কলম্বিয়ান সুপারস্টার।
আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, বিনোদন সংস্থা ‘ভেঞ্চার লাইফস্টাইল’-এর আয়োজনে এই মেগা কনসার্টটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগেও প্রতিষ্ঠানটি জেনিফার লোপেজ, জন লিজেন্ড, কেটি পেরি এবং ডেমি লোভাটোর মতো বিশ্বখ্যাত তারকাদের মধ্যপ্রাচ্যে নিয়ে এসে দারুণ সব কনসার্ট উপহার দিয়েছে।
চলতি বছর শাকিরা তার নতুন অ্যালবাম ও বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয় ‘লাস মুজেরেস ইয়া নো লোরান’ ইরা বা অধ্যায় নিয়ে বিশ্ব ভ্রমণে ব্যস্ত সময় পার করছেন। তিন দশকেরও বেশি সময় ধরে সংগীতাঙ্গন কাঁপানো এই গায়িকা বিশ্বজুড়ে ৯৫ মিলিয়নেরও বেশি রেকর্ড বিক্রি করেছেন।
এক বিবৃতিতে ভক্তদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমি মিশরের গিজার পিরামিডে পারফর্ম করতে পেরে অত্যন্ত আনন্দিত। আমি আপনাদের সবাইকে ভালোবাসি।’
পপ-মিউজিকের এই রানীর আগমনকে কেন্দ্র করে এখনই মিশরের সাধারণ দর্শক এবং বিশ্বজুড়ে থাকা তার ভক্তদের মাঝে তুমুল উন্মাদনা ও আগ্রহ তৈরি হয়েছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

