বলিউডে গুঞ্জন ছিলো অভিনেত্রী মাধুরী দীক্ষিতের বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন সংগীতশিল্পী সুরেশ ওয়াদকর। এমনকি বলা হতো, মাধুরীকে নাকি অতিরিক্ত রোগা মনে হয়েছিল তার।
দীর্ঘদিনের সেই আলোচনার অবসান ঘটিয়ে অবশেষে মুখ খুলেছেন সুরেশ নিজেই।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, মাধুরীর পরিবারের পক্ষ থেকে তার কাছে কখনো আনুষ্ঠানিকভাবে বিয়ের প্রস্তাবই আসেনি।
বিষয়টি নিয়ে হাস্যরসের সুরে সুরেশ বলেন, ‘হায় ঈশ্বর! মাধুরীকে নিয়ে এই গুজব একদিন আমার মাথার বাকি চুলও ফেলে দেবে। তিনি আমার দীর্ঘদিনের সহকর্মী ও ভালো বন্ধু। আমি তাকে শ্রদ্ধা করি। আসলে এই গল্পের শুরু হয়েছিল অর্চনা পুরাণ সিংয়ের একটি মন্তব্য থেকে। এরপর থেকেই প্রায় প্রতিটি সাক্ষাৎকারে আমাকে একই প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে।’

গায়ক জানান, মাধুরীর সঙ্গে কখনোই এ বিষয় নিয়ে তার কোনো আলোচনা হয়নি। কারণ বাস্তবে এমন কোনো ঘটনা ঘটেনি।
তিনি বলেন, ‘হয়তো তার বাবা কোনো সময় খোঁজখবর নিয়েছিলেন। কিন্তু সরাসরি কোনো প্রস্তাব আমার কাছে আসেনি। আর প্রস্তাবই না এলে আমি কীভাবে তা প্রত্যাখ্যান করব? তাছাড়া তখন আমার জীবনে পদ্মা এসে গিয়েছিল। তিনি ছিলেন আমার ছাত্রী, পরে আমরা বিবাহবন্ধনে আবদ্ধ হই।’

দীর্ঘদিন ধরে প্রচলিত গল্পে বলা হয়, মাধুরীকে নাকি রোগা হওয়ার কারণে পছন্দ করেননি সুরেশ। তবে এ দাবিও উড়িয়ে দিয়েছেন তিনি।
সুরেশের ভাষ্য, ‘তখনকার সময়ের আমার ছবিগুলো দেখলেই বোঝা যাবে, আমিও যথেষ্ট রোগা ছিলাম। তাই এমন কারণ দেখিয়ে কাউকে ফিরিয়ে দেওয়ার প্রশ্নই ওঠে না।’
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

