AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৫:০৬ পিএম, ১২ জুন, ২০২৬

বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী

সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে প্রস্তাবিত বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ ও কর্মসূচি অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তার ভাষায়, এবারের বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে।

শুক্রবার (১২ জুন) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, সরকারের দায়িত্ব গ্রহণের মাত্র তিন মাসের মাথায় বাজেট প্রণয়ন করা একটি বড় চ্যালেঞ্জ ছিল। বাজেট প্রণয়নে সহযোগিতাকারী সংশ্লিষ্ট সব ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি তিনি কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং অর্থনীতিকে স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দীর্ঘ সময়ের শাসনব্যবস্থা ও অন্তর্বর্তী সরকারের পর প্রণীত এই বাজেটে জনগণের প্রত্যাশা প্রতিফলিত হয়েছে। সরকার দেশের প্রতিটি নাগরিককে উন্নয়ন প্রক্রিয়ার অংশ হিসেবে বিবেচনা করছে এবং নৈতিক ভিত্তির ওপর রাষ্ট্র পরিচালনার চেষ্টা করছে। একই সঙ্গে অর্থের অপচয় রোধ ও প্রয়োজনভিত্তিক প্রকল্প গ্রহণে গুরুত্ব দেওয়া হচ্ছে।

বাজেটের নীতি ও দর্শন তুলে ধরে অর্থমন্ত্রী জানান, ‘সবার জন্য বাংলাদেশ’, অর্থনৈতিক গণতন্ত্র এবং নৈতিক ভিত্তির ওপর রাষ্ট্র পরিচালনা—এই তিনটি বিষয়কে সামনে রেখেই বাজেট প্রণয়ন করা হয়েছে।

তিনি বলেন, অতীতে দেশের অর্থনীতি মূলত পৃষ্ঠপোষকতাভিত্তিক ছিল। কিছু ব্যক্তি ও গোষ্ঠী অর্থনৈতিক সুবিধা পেলেও সমাজের বড় একটি অংশ উন্নয়নের মূলধারা থেকে পিছিয়ে ছিল। এবারের বাজেটে সেই বৈষম্য কমিয়ে সব শ্রেণির মানুষের জন্য সুযোগ সৃষ্টি করার উদ্যোগ নেওয়া হয়েছে।

অর্থমন্ত্রী আরও বলেন, সীমিত সম্পদ ও নানা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও সমাজের প্রায় সব শ্রেণি-পেশার মানুষের জন্য বিভিন্ন বরাদ্দ, কর্মসূচি ও উন্নয়ন পরিকল্পনা রাখা হয়েছে। শুধু নীতিগত ঘোষণা নয়, সেগুলোর বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় রোডম্যাপও বাজেটে স্পষ্টভাবে উপস্থাপন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি সরকারের অর্থনৈতিক অগ্রাধিকার, বাজেটের বিভিন্ন দিক এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলার কৌশল তুলে ধরেন। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর গনি এবং অর্থ সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১১ জুন) অর্থমন্ত্রী ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেন, যা দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট। ‘অর্থনৈতিক গণতান্ত্রিকীকরণ ও বিকেন্দ্রীকরণ: ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে প্রণীত এ বাজেটের আকার দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১৩ দশমিক ৭ শতাংশ।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!