AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইসলামী ব্যাংককে আরও ২,৫০০ কোটি টাকার ধার দিল বাংলাদেশ ব্যাংক


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৩:৩৯ পিএম, ১৫ জুন, ২০২৬

ইসলামী ব্যাংককে আরও ২,৫০০ কোটি টাকার ধার দিল বাংলাদেশ ব্যাংক

তারল্য সংকট মোকাবিলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে আরও ২ হাজার ৫০০ কোটি টাকা বিশেষ ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (১৫ জুন) ব্যাংকটির সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে।

এর আগে রোববার কেন্দ্রীয় ব্যাংক জানায়, ইসলামী ব্যাংকের ১০ হাজার কোটি টাকার তারল্য সহায়তার আবেদনের বিপরীতে প্রাথমিকভাবে ২ হাজার ৫০০ কোটি টাকা দেওয়া হচ্ছে। চলতি মাসের শুরুতে আমানতকারীদের নগদ অর্থ উত্তোলনের চাপ সামাল দিতেই এই বিশেষ সহায়তা প্রদান করা হয়েছে।

গত শুক্রবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, ইসলামী ব্যাংকের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজন হলে নগদ সহায়তা দেওয়া হবে। একই সঙ্গে ভবিষ্যতে প্রয়োজন দেখা দিলে আরও সহায়তার বিষয়টি বিবেচনা করা হতে পারে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ১ জুন থেকে ৯ জুন পর্যন্ত মাত্র নয় দিনে ইসলামী ব্যাংক থেকে প্রায় ৬ হাজার কোটি টাকা আমানত তুলে নিয়েছেন গ্রাহকরা। ব্যাংকটির অভ্যন্তরীণ হিসাবেও দেখা যায়, ১ থেকে ৭ জুন পর্যন্ত আমানত কমেছে ৪ হাজার ২০৪ কোটি টাকা। পরবর্তী দুই দিনে আরও প্রায় ২ হাজার কোটি টাকা উত্তোলন হওয়ায় কয়েকটি শাখা ও এটিএম বুথে নগদ অর্থের ওপর চাপ সৃষ্টি হয়।

এ পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান ইসলামী ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক, দুইজন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং ছয়জন উপ-ব্যবস্থাপনা পরিচালক উপস্থিত ছিলেন।

পরে কেন্দ্রীয় ব্যাংক ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদের সব পরিচালকের নিয়োগ বাতিল করে। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে পর্ষদের সব ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালনের জন্য নিয়োগ দেওয়া হয়।

বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে জানায়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ও ৪৭(৩) ধারায় অর্পিত ক্ষমতাবলে এবং ব্যাংক, আমানতকারী ও জনস্বার্থ রক্ষার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন পরিচালনা পর্ষদের যাবতীয় ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!