দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোমবার (১৫ জুন) সকালে বাজুস এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়। নতুন দর একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুসের তথ্য অনুযায়ী, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দামের ঊর্ধ্বগতির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে এই সমন্বয় করা হয়েছে।
নতুন দর অনুযায়ী সোনার দাম:২২ ক্যারেট: ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা (প্রতি ভরি), ২১ ক্যারেট: ২ লাখ ১৯ হাজার ৯৮৩ টাকা, ১৮ ক্যারেট: ১ লাখ ৮৮ হাজার ৫৪৯ টাকা, সনাতন পদ্ধতি: ১ লাখ ৫৩ হাজার ৫৫৭ টাকা ।
এর আগে গত ১৩ জুন সোনার দাম সর্বশেষ সমন্বয় করা হয়েছিল। তখন ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা বাড়িয়ে ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়।
সোনার পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেট রুপার দাম ভরিতে ২৩৩ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৬৫ টাকা।
নতুন রুপার দাম:২২ ক্যারেট: ৫ হাজার ৩৬৫ টাকা, ২১ ক্যারেট: ৫ হাজার ১৩২ টাকা ১৮ ক্যারেট: ৪ হাজার ৪৩২ টাকা, সনাতন পদ্ধতি: ৩ হাজার ৩২৪ টাকা ।
বাজুসের তথ্যমতে, চলতি বছরে এখন পর্যন্ত সোনার দাম ৭৫ বার সমন্বয় করা হয়েছে—এর মধ্যে ৩৯ বার বৃদ্ধি এবং ৩৬ বার হ্রাস করা হয়েছে। রুপার দামও ৪৬ বার সমন্বয় হয়েছে, যার মধ্যে ২৪ বার বেড়েছে এবং ২২ বার কমেছে।
বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামা এবং স্থানীয়ভাবে তেজাবি সোনার মূল্য পরিবর্তনের প্রভাবেই দেশে স্বর্ণ ও রুপার দামে ঘন ঘন সমন্বয় দেখা যাচ্ছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

