মে মাসের জন্য ভোক্তাপর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করে অপরিবর্তিত রেখেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
রোববার (৩ মে) সংস্থাটি এ সিদ্ধান্ত জানায় এবং সন্ধ্যা ৬টা থেকে নতুন মূল্য কার্যকর হওয়ার কথা উল্লেখ করে।
বিইআরসি জানায়, গত মাসে এলপিজির দাম দু’দফা সমন্বয় করা হয়েছিল। ২ এপ্রিল ৩৮৭ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয় ১ হাজার ৭২৮ টাকা। পরে ১৯ এপ্রিল আরও ২১২ টাকা বাড়িয়ে বর্তমান মূল্য ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়।
এদিকে, মে মাসে অটোগ্যাসের দাম সামান্য বৃদ্ধি পেয়েছে। নতুন করে ২ পয়সা বাড়িয়ে প্রতি লিটার অটোগ্যাসের দাম (মূসকসহ) নির্ধারণ করা হয়েছে ৮৯ টাকা ৫২ পয়সা।
এর আগে এপ্রিল মাসে দুই দফায় অটোগ্যাসের মূল্য সমন্বয় করা হয়। ২ এপ্রিল দাম বাড়িয়ে নির্ধারণ করা হয়েছিল ৭৯ টাকা ৭৭ পয়সা এবং ১৯ এপ্রিল তা বাড়িয়ে ৮৯ টাকা ৫০ পয়সা করা হয়।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

