দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার প্রতি ভরিতে ২ হাজার ৭৪১ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা (ভ্যাটসহ)।
বুধবার (২২ জুলাই) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ মূল্য সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনা (পিওর গোল্ড)-এর দাম বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন দামে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার মূল্য: ২২ ক্যারেট: ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা, ২১ ক্যারেট: ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেট: ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা, সনাতন পদ্ধতি: ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা ।
বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের নকশা অনুযায়ী মজুরি পৃথকভাবে প্রযোজ্য হবে। এছাড়া সোনা ও রুপার অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।
অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে বাজুসের বিদ্যমান নীতিমালা বহাল থাকবে।
এর আগে ২১ জুলাই বাজুস সর্বশেষ সোনার দাম সমন্বয় করেছিল। সেদিন প্রতি ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা।
চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪৫ বার দাম বেড়েছে, ৪৭ বার কমেছে এবং ১ বার ভ্যাট সমন্বয় করা হয়েছে।
সোনার পাশাপাশি রুপার দামও বাড়িয়েছে বাজুস। নতুন দামে প্রতি ভরি রুপার মূল্য নির্ধারণ করা হয়েছে—২২ ক্যারেট: ৪ হাজার ৭৮২ টাকা, ২১ ক্যারেট: ৪ হাজার ৫৪৯ টাকা, ১৮ ক্যারেট: ৩ হাজার ৯০৭ টাকা, সনাতন পদ্ধতি: ২ হাজার ৯৭৪ টাকা ।
চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম ৫৭ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৯ বার দাম বেড়েছে এবং ২৮ বার কমেছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

