চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম তিন সপ্তাহেই প্রবাসী আয়ে শক্তিশালী প্রবৃদ্ধির ইঙ্গিত মিলেছে। মাত্র ২১ দিনেই দেশে এসেছে ২৩০ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা ২ দশমিক ৩০ বিলিয়ন ডলারের বেশি। এ হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ১১ কোটি ডলার।
রোববার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।
কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, গত বছরের একই সময়ের তুলনায় এবার রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্য হারে বেড়েছে। ২০২৫ সালের ফেব্রুয়ারির প্রথম ২১ দিনে প্রবাসীরা পাঠিয়েছিলেন ১৯১ কোটি ৩০ লাখ ডলার। সে হিসাবে এক বছরে রেমিট্যান্স বেড়েছে প্রায় ৩৯ কোটি ডলার।
চলতি অর্থবছরের সামগ্রিক চিত্রও ইতিবাচক। জুলাই থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে মোট ২ হাজার ১৭৪ কোটি ১০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২১ দশমিক ৬০ শতাংশ বেশি।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জানুয়ারি মাসে দেশে এসেছে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স— যা দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ মাসিক রেকর্ড। এর আগে ডিসেম্বরে প্রবাসীরা পাঠিয়েছিলেন ৩২২ কোটি ৬৭ লাখ ডলার, যা একক মাস হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ।
এছাড়া অক্টোবর ও নভেম্বর— টানা দুই মাসেই রেমিট্যান্সের পরিমাণ ছিল ২৫০ কোটি ডলারের বেশি, যা ধারাবাহিক প্রবৃদ্ধির ইঙ্গিত দেয়।
উল্লেখ্য, দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয় এসেছিল ২০২৪–২৫ অর্থবছরে। সে সময় প্রবাসীরা মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার দেশে পাঠান।
অর্থনীতিবিদদের মতে, রেমিট্যান্স প্রবাহের এই গতি বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করার পাশাপাশি সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

