রেকর্ড উচ্চতার পর হঠাৎই দেশে স্বর্ণবাজারে বড় ধাক্কা লেগেছে। মাত্র দুই দিনের ব্যবধানে ভরিপ্রতি সোনার দাম কমেছে ৩০ হাজার টাকার বেশি।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) শনিবার (৩১ জানুয়ারি) সর্বশেষ দফায় ঘোষণা করেছে, প্রতি ভরিতে দাম কমে গেছে সর্বোচ্চ ১৫ হাজার ৭৪৬ টাকা। ফলে ভালো মানের (২২ ক্যারেট) সোনার ভরির দাম নেমে এসেছে ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকায়।
বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, আন্তর্জাতিক বাজারে সোনার দরপতনের প্রভাবেই স্থানীয় বাজারে বড় ধরনের সমন্বয় করা হয়েছে। বিশ্বজুড়ে স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস.ওআরজি সূত্রে জানা যায়, শনিবার সকালে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম নেমে এসেছে ৪ হাজার ৮৯০ ডলারে, যা বৃহস্পতিবার ছিল ৫ হাজার ৫৫০ ডলার এবং শুক্রবার ৫ হাজার ২০০ ডলার।
বর্তমান বাজারদর (বাংলাদেশ)- ২২ ক্যারেট সোনা: ২,৫৫,৬১৭ টাকা, ২১ ক্যারেট সোনা: ২,৪৪,০১১ টাকা, ১৮ ক্যারেট সোনা: ২,০৯,১৩৬ টাকা, সনাতন পদ্ধতি সোনা: ১,৭১,৮৬৯ টাকা ।
রুপার দামও কমেছে: ২২ ক্যারেট রূপা: ৭,২৯০ টাকা, ২১ ক্যারেট রূপা: ৬,৯৪০ টাকা, ১৮ ক্যারেট রূপা: ৫,৯৪৯ টাকা, সনাতন পদ্ধতি রূপা: ৪,৪৩২ টাকা ।
গত সপ্তাহে বিশ্ববাজারে সোনার দাম লাফিয়ে বেড়ে দেশের বাজারে রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছিল। বৃহস্পতিবার ১৬,২১৩ টাকা বাড়ানোর পর ২২ ক্যারেট সোনার ভরি দাম পৌঁছেছিল ২,৮৬,০০০ টাকায়, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। তবে ২৪ ঘণ্টা না যেতেই শুক্রবার ও শনিবার ধারাবাহিকভাবে দাম কমেছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

