দেশের স্বর্ণবাজারে আবারও বড় ধরনের মূল্যবৃদ্ধি হয়েছে। মাত্র এক দফা দাম কমার পর ২৪ ঘণ্টা না যেতেই ফের বাড়ানো হলো স্বর্ণের দাম। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক লাফে ৬ হাজার ২৯৯ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
শুক্রবার(২৩ জানুয়ারি) দুপুরে এক বিজ্ঞপ্তিতে নতুন এই মূল্যহার ঘোষণা করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। দুপুর সোয়া ১২টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার দামের পরিবর্তনসহ সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪৪ হাজার ১১ টাকা। একই সঙ্গে ১৮ ক্যারেটের স্বর্ণ বিক্রি হচ্ছে প্রতি ভরি ২ লাখ ৯ হাজার ১৩৬ টাকায় এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭১ হাজার ৮৬৯ টাকা।
বাজুস আরও জানায়, ঘোষিত মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গহনার নকশা ও মান অনুযায়ী মজুরির পরিমাণ ভিন্ন হতে পারে।
এর আগে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে স্বর্ণের দাম কিছুটা কমানো হয়েছিল। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ১৪৯ টাকা কমিয়ে ২ লাখ ৪৯ হাজার ৩১৮ টাকা নির্ধারণ করা হয়। সেই দাম কার্যকর হয় শুক্রবার সকাল থেকে, তবে তা দিনের অর্ধেক সময়ও টেকেনি।
চলতি বছরে এখন পর্যন্ত ১২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৯ বার দাম বেড়েছে এবং ৩ বার কমেছে। অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের মূল্য সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার দাম বাড়ানো হয় এবং ২৯ বার কমানো হয়।
স্বর্ণের দাম বাড়লেও রূপার বাজারে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রূপা বিক্রি হচ্ছে ৬ হাজার ৩৫৭ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের রূপার দাম ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের রূপা ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রূপা বিক্রি হচ্ছে প্রতি ভরি ৩ হাজার ৯০৭ টাকায়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

