রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে মামলার পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং অন্য মামলায় গ্রেপ্তার আসামিদের ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (২৭ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।
এর আগে সকালে প্রসিকিউশনের পক্ষ থেকে শাপলা চত্বরের ঘটনায় শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদসহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়।
প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে ঢাকাসহ চারটি স্থানে মোট ৫৮ জন নিহত হন। তদন্ত সংস্থা ঢাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে ৫ জন এবং কুমিল্লায় ১ জন নিহতের পরিচয় শনাক্ত করেছে।
হেফাজতে ইসলামের নেতা আজিজুল হক ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে এ ঘটনায় অভিযোগ দায়ের করেন। মামলাটি করেন হেফাজত নেতা জুনাইদ আল হাবিব ও মাওলানা মামুনুল হকের পক্ষে।
শেখ হাসিনা ছাড়াও মামলার আসামিদের মধ্যে রয়েছেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, সাবেক মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, মাহবুবউল আলম হানিফ, ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আব্দুল লতিফ সিদ্দিকী, মৃণাল কান্তি দাস, জাহাঙ্গীর কবির নানক, ডা. দীপু মনি, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ওমর ফারুক চৌধুরী, সালাউদ্দিন মাহমুদ এবং ডা. ইমরান এইচ সরকার।
এ ছাড়া সাংবাদিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিদের মধ্যে রয়েছেন শাহরিয়ার কবির, মোজাম্মেল হক বাবু ও ফারজানা রুপা।
আইনশৃঙ্খলা বাহিনী ও সামরিক কর্মকর্তাদের মধ্যে আসামি করা হয়েছে সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, এ কে এম শহীদুল হক, ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বেনজীর আহমেদ, সাবেক র্যাব মহাপরিচালক মো. মোখলেছুর রহমান, সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, লেফটেন্যান্ট জেনারেল মো. মজিবুর রহমান, আবদুল জলিল মণ্ডল, শেখ মুহাম্মাদ মারুফ হাসান, মাহবুব হোসেন, মনিরুল ইসলাম, মো. আনোয়ার হোসেন, আশরাফুজ্জামান, এস এম মেহেদী হাসান, হারুন-অর-রশীদ, বিপ্লব কুমার সরকার, সৈয়দ নুরুল ইসলাম, মো. আসাদুজ্জামান, এস এম শিবলী নোমান এবং বিএম ফরমান আলী।
মামলার আসামিদের মধ্যে বর্তমানে অন্য মামলায় গ্রেপ্তার রয়েছেন শামসুল হক টুকু, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, এ কে এম শহীদুল হক, মোল্যা নজরুল ইসলাম, শাহরিয়ার কবির, আবদুল জলিল মণ্ডল, মোজাম্মেল হক বাবু ও ফারজানা রুপা।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

