বিশ্বকাপের প্রথম ম্যাচের আগেই দলে জরুরি পরিবর্তন আনতে হয়েছে ইংল্যান্ডকে। পায়ের পেশিতে চোট পাওয়ায় স্কোয়াড থেকে ছিটকে গেছেন ডিফেন্ডার টিনো লিভরামেন্টো। তার পরিবর্তে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে চেলসির ডিফেন্ডার ট্রেভোহ চ্যালোবাহকে।
ইংল্যান্ড ‘এল’ গ্রুপে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে। তবে ম্যাচের আগে অনুশীলনের সময় চোটে পড়েন ২৩ বছর বয়সী লিভরামেন্টো। উরুর চোটের কারণে চলতি মৌসুমের শেষভাগেও তিনি মাঠের বাইরে ছিলেন, ফলে তার শারীরিক সক্ষমতা নিয়ে আগে থেকেই শঙ্কা ছিল।
ফিফার নিয়ম অনুযায়ী, দলের প্রথম ম্যাচ শুরুর ২৪ ঘণ্টা আগে পর্যন্ত গুরুতর চোটের কারণে স্কোয়াডে পরিবর্তন আনার সুযোগ থাকায় ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন চ্যালোবাহকে দলে অন্তর্ভুক্ত করেছে।
যদিও চ্যালোবাহের পুরো দলের সঙ্গে যোগ দিতে কিছুটা সময় লাগবে বলে জানা গেছে।
রাইট-ব্যাক পজিশনে ইংল্যান্ডের প্রথম পছন্দ রিস জেমসের ফিটনেস নিয়েও অনিশ্চয়তা রয়েছে। এ কারণে জেড স্পেন্স ও এজরিল কোনসাও বিকল্প হিসেবে দলে রয়েছেন।
মূলত সেন্টার-ব্যাক হিসেবে পরিচিত ট্রেভোহ চ্যালোবাহ রক্ষণভাগের একাধিক পজিশনে খেলতে সক্ষম। জাতীয় দলের হয়ে তার অভিজ্ঞতা সীমিত হলেও বিশ্বকাপের মতো বড় আসরে নিজেকে প্রমাণের সুযোগ পাচ্ছেন তিনি।
এর আগে বিশ্বকাপ শুরুর প্রস্তুতির সময় কানসাস সিটিতে ইংল্যান্ড দলের বেস ক্যাম্পে অনুশীলন সরঞ্জাম বহনকারী একটি গাড়ি থেকে কিছু সামগ্রী চুরির ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় চুরি যাওয়া অধিকাংশ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

